ফ্যামিলি-কৃষি কার্ড নিয়ে দুর্নীতি করলে আমি বাদী হয়ে মামলা করব: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমার নির্বাচনী প্রধান ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কেউ দুর্নীতি করলে আইনজীবী হিসেবে আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। আমি আমার দেওয়া ওয়াদা রক্ষা করব। তবে আমি চাই না এমন পরিস্থিতির সৃষ্টি হোক। আপনারা সবাই সততা ও নিষ্ঠার সঙ্গে প্রকৃত তথ্য সংগ্রহ করবেন।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
ডেপুটি স্পিকার বলেন, সর্বনিম্নস্তরের দরিদ্র মানুষ যেন বঞ্চিত না হয়। তথ্য সংগ্রহকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দল-মত, ধর্ম, বর্ণ ও শ্রেণির উর্ধ্বে উঠে প্রকৃত হকদারদের খুঁজে বের করতে হবে। তালিকা করার কাজ শুরু করতে হবে একদম সর্বনিম্ন জায়গা থেকে ছাপড়া ঘর কিংবা যার ঘর নেই সেখান থেকে।
আস্তে আস্তে ধাপে ধাপে ওপরে উঠবেন। দুর্গাপুরের একজন দরিদ্র মানুষও যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়। সেই আমানত ও ঈমানী দায়িত্ব আপনাদের ওপর ন্যাস্ত।
স্বচ্ছতা ও কঠোর আইনি ব্যবস্থার বার্তা
বিগত সময়ে তালিকার অনিয়ম ও স্বজনপ্রীতির কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত দেড় দশকে সামাজিকভাবে নানা ব্যাধি আমাদের আঁকড়ে ধরেছে।
ডেপুটি স্পিকার হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আমি এখন অত্যন্ত বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। কিন্তু কোনো ধরনের অনিয়ম বা ঘুষের অভিযোগ উঠে এলে আর বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। সরাসরি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।