চীনের জাতীয় দিবসে শি চিনপিংকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট শি চিনপিংকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পাঠানো এক শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছাবার্তায় বলা হয়, চীন-বাংলাদেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের বিষয়টিকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও বোঝাপড়ার মধ্য দিয়ে গত পাঁচ দশকে এই বন্ধুত্ব আরো সুদৃঢ় হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যা আমাদের দুই দেশের জনগণকে আরো কাছাকাছি নিয়ে এসেছে এবং সহযোগিতা ও পারস্পরিক সুফলের নতুন নতুন পথ উন্মোচন করেছে।
এতে আরও বলা হয়, নতুন যুগে ‘যৌথ ভবিষ্যতের লক্ষ্যে চীন-বাংলাদেশ কমিউনিটি’ গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের যৌথ অঙ্গীকার আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অভিন্ন লক্ষ্য আমাদের দুই দেশের মধ্যকার বন্ধুত্বের বন্ধনকে আরো শক্তিশালী করবে এবং পারস্পরিকভাবে লাভজনক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।
শুভেচ্ছাবার্তায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং চীনের জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও সাফল্যের জন্য শুভকামনা জানানো হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185816