জবি ফিল্ম সোসাইটিতে চলছে সদস্য আহ্বান; রেজিষ্ট্রেশন চলবে ৮ অক্টোবর পর্যন্ত
জবি প্রতিনিধি: নতুন চলচ্চিত্রকর্মী তৈরির লক্ষ্যে সাধারণ সদস্য আহ্বান করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফিল্ম সোসাইটি। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত ক্যাম্পাসের শান্ত চত্বর থেকে সদস্য ফর্ম সংগ্রহ করতে পারবেন।
এছাড়া অনলাইনেও সাধারণ সদস্য হওয়ার জন্য প্রাথমিক আবেদন করা যাবে। সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত গুগল ফর্মের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। সদস্য ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি মূলত চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন শাখা সম্পর্কে জানা, বোঝা ও বাস্তবে প্রয়োগের সুযোগ তৈরি করে থাকে। প্রযোজনা, চিত্রনাট্য, সম্পাদনা, পরিচালনা, অভিনয়, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সাউন্ড রেকর্ডিং ও ডিজাইনিংসহ চলচ্চিত্র নির্মাণের নানা বিষয়ে সংগঠনটি শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।
সংগঠনটির নিয়মিত আয়োজনের মধ্যে রয়েছে প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক ফিল্ম স্ক্রিনিং, বিষয়ভিত্তিক কর্মশালা, ‘৩৫ মিলিমিটার’, ‘আমাদের সিনেমা’ ও ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-সহ বিভিন্ন চলচ্চিত্রবিষয়ক কার্যক্রম।
সংগঠনের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন, সাধারণ সদস্যসহ সংগঠনের সঙ্গে যুক্ত চলচ্চিত্রকর্মীদের মাধ্যমে সুস্থধারার বিনোদন এবং চলচ্চিত্র বিষয়ে সুসংগঠিত জ্ঞানচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ হবে।