দেশের বিভিন্ন জেলায় বড় বড় চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়
স্টাফ রিপোর্টার/ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা সদরের ইছামতি ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের সার্টারের তালা ভেঙে ৯৪টি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৮ জনকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই ওসমান গনি এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত চোর চক্রের এই ৮ সদস্যকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। এসময় শুনানিশেষে আদালতের বিচারক তাদেরকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিদেরকে থানা হেফাজতে আনা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা চুরির ঘটনায় সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিরা মূলত দেশের বিভিন্ন জেলা থেকে এসে এ ধরনের বড় বড় চুরির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসব আসামির সঙ্গে স্থানীয় অপরাধীরা কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো- চট্টগ্রাম শহরের আল আমিন (৩০), আক্কাস আলী (৩৫) ও হৃদয় (৩৪), নরসিংদীর ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার ইয়াছিন আরাফাত (৩৮) এবং কুমিল্লার রবিউল ইসলাম (৩৩), আলা উদ্দিন (২৫) ও ইস্রাফিল রহমান (২৭)। এরআগে গত বুধবার সকালে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজা এলাকা থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা চুরি হওয়া ৯৪টি মুঠোফোন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। এ ঘটনায় মাসুদ টেলিকম নামে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাসুদ রানা বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে সম্মেলন কক্ষে আয়োজিত প্রেসব্রিফিংকালে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান। তিনি বলেন, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, গতকাল আগেই দৈনিক করতোয়ায় ৭ এর পাতায় চোর চক্রের ওই ৮ জন গ্রেফতার ও তাদের কাছ থেকে ৯৪টি চোরাই এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার সংক্রান্ত নিউজ ও ছবি প্রকাশিত হয়েছে।
মামলা সূত্রে জানা যায়,ধুনট পৌর শহরের ইছামতী ডিজিটাল কমপ্লেক্স মার্কেটের প্রথম তলায় মাসুদ টেলিকম নামের একটি দোকানে বুধবার সকাল ৮টার দিকে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। দোকানমালিক মাসুদ রানা আগের দিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে মার্কেটের নৈশপ্রহরী সুলতান হোসেন ডিউটি শেষে বাড়ি যান। পরে ভুলে ফেলে যাওয়া একটি জিনিস নিতে সকাল সোয়া আটটার দিকে পুনরায় মার্কেটে এসে দেখতে পান, পিঠে ব্যাগ ঝোলানো ৮ থেকে ১০ জন লোক মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে গিয়ে মাসুদ টেলিকমের শাটারের তালা ভাঙা ও খোলা দেখতে পান।
সংবাদ পেয়ে দোকানমালিক এসে দেখেন গ্যালারিতে সাজানো বিভিন্ন ব্র্যান্ডের ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন উধাও। চুরির ঘটনার পরপরই পুলিশের একটি বিশেষ দল মাঠে নামে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্যের সহায়তায় জানা যায়, চোর চক্রটি ধুনট থেকে শেরপুর বাসস্ট্যান্ডে যায় এবং সেখান থেকে ঢাকার উদ্দেশে শ্যামলী পরিবহনের একটি বাসে ওঠে।
পুলিশের দলটি তাৎক্ষণিকভাবে বাসের পিছু নেয় এবং পাশাপাশি সিরাজগঞ্জ জেলা পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা-পুলিশের সহায়তা চায়। এরপর বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাসটি যমুনা সেতু পশ্চিম টোলপ্লাজায় পৌঁছালে তল্লাশি চালিয়ে চক্রের আট সদস্যকে গ্রেফতার ও চুরি হওয়া ৯৪টি ফোন উদ্ধার করা হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185798