ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই

ইসরায়েলের সব ফ্লাইট স্থগিত করল ফ্লাইদুবাই

আন্তর্জাতিক ডেস্ক : মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার পর ইসরায়েলের সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল স্থগিত করেছে দুবাইভিত্তিক বিমান পরিবহন সংস্থা ফ্লাইদুবাই। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুবাই থেকে তেল আবিবগামী ‘এফজেড১০৭৩’ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ককপিটে সংঘর্ষের জেরে ১৭৪ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ফ্লাইদুবাইয়ের এক মুখপাত্র জানান, বুধবারের ওই অনাকাক্সিক্ষত ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এবং তদন্ত চলাকালে ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে পরিচালিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার পেছনের মূল কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। যাত্রী, ক্রু ও উড়োজাহাজের সুরক্ষাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্থাটি আরও জানায়, তারা নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে কাজ করছে। তদন্তে নতুন তথ্য পাওয়ার সাপেক্ষে ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। হঠাৎ ফ্লাইট বন্ধ হওয়ায় যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত বিকল্প ভ্রমণের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে বুধবার সকালে ১৭৪ জন যাত্রী নিয়ে দুবাই থেকে তেল আবিবের উদ্দেশে রওনা হয় বোয়িং বিমানটি। আকাশে থাকা অবস্থায় ককপিটে ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসারের মধ্যে হাতাহাতির সূত্রপাত ঘটে। একপর্যায়ে উড়োজাহাজের অন্য ক্রুরা ফ্লাইট ডেকের নিয়ন্ত্রণ নিশ্চিত করেন এবং দ্রুত গতিপথ পরিবর্তন করে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান।

বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, মারামারিতে উড়োজাহাজের ক্যাপ্টেন ও ফার্স্ট অফিসার দুজনই আহত হয়েছেন। অবতরণের পরপরই তাদের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও বাকি কেবিন ক্রুরা সম্পূর্ণ নিরাপদ ছিলেন। সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে, ঘটনাটির আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে তাদের বিশেষজ্ঞ দল। উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাবিধি লঙ্ঘিত হয়েছে কি না এবং মাঝআকাশে ঠিক কী কারণে পাইলটদের মধ্যে এমন সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে আলামত সংগ্রহ করা হচ্ছে।

এদিকে তাবুক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে রাখতে ফ্লাইদুবাই দ্রুত একটি বিকল্প উড়োজাহাজ পাঠায় এবং পরে যাত্রীরা গন্তব্যের উদ্দেশে রওনা হন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185728