হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

মফস্বল ডেস্ক : মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও পরিবহণ শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালন করছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু হওয়ায় হবিগঞ্জ থেকে কোনো রুটেই বাস ছেড়ে যায়নি।

ধর্মঘটের কারণে হবিগঞ্জ-ঢাকা, হবিগঞ্জ-সিলেট, হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেটসহ জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। এর ফলে বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের চরম ভোগান্তি ও দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা গেছে। জরুরি প্রয়োজনে সাধারণ যাত্রীরা বিকল্প যানবাহনে বাড়তি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে বাস চলাচলে বাধা সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে মৌলভীবাজারে হবিগঞ্জের ৩টি বাস আটকে রেখে শ্রমিকদের প্রহার করা হয়। এসব ঘটনার সুষ্ঠু প্রতিকার না পাওয়ায় বাধ্য হয়ে এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185707