৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ
৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ আদেশে নিয়োগপ্রাপ্তদের আগামী ১২ অক্টোবরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী কোন নির্দেশ না পেলে ওই তারিখেই তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগদান করবেন। নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে ধরে নেয়া হবে এবং নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের প্রবেশ পদে 'জাতীয় বেতনস্কেল, ২০২৬' অনুসারে টাকা ৪৪০০০-১০৫৯০০/- বেতনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগ পাওয়া প্রার্থীদের দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করতে হবে। প্রয়োজনে সরকার এ শিক্ষানবিসকাল আরও দুই বছর বাড়াতে পারবে। শিক্ষানবিসকালে যদি তিনি চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হন, তবে কোনো কারণ দর্শানো ছাড়াই এবং সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ ছাড়াই চাকরি থেকে অপসারণ করা যাবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছরের ১৯ অক্টোবর শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন এক হাজার ২১৯ জন প্রার্থী।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185660