বগুড়ার ধুনটে ৯৪ টি চোরাই মোবাইলসহ আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্য গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলা সদরের ইছামতি কমপ্লেক্স মার্কেট থেকে প্রকাশ্য চুরি করা ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) ৩০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্ত্বরে বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো, চট্টগ্রাম জেলার বায়জিদ বোস্তামী থানার সৈয়দপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আলামিন (৩০), পাঠানপাড়া গ্রামের আজিজুল রহমানের ছেলে ইসরাফিল রহমান (২৭), একই জেলার বাকুলিয়া থানার সিএমপি বাকুলিয়া গ্রামের হবু মিয়ার ছেলে আক্কাস আলী (৩৫), পোতয়ালি থানার ইসমাইল ফয়েজ রোডের ইব্রাহিমের ছেলে রিদয় (৩৪), নরসিংদী জেলার রায়পুর থানার চর মদিনানগর গ্রামের হারুন মিয়ার ছেলে ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার ক্রসবা থানার চকবাস মোল্লাবাড়ী গ্রামের শামসুল আলমের ছেলে ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লা জেলার চান্দিনা থানার নওয়াতপুর গ্রামের খালেকের ছেলে রবিউল (৩৩), একই জেলার মুরাদনগর থানার কামাল্লা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলাউদ্দিন (২৫)।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে একদল সংঘবদ্ধ চোরের দল ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকম নামে মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ভেতরে প্রবেশ করে ৯৪টি মোবাইল ফোন চুরি করে। চুরির পর তারা সিএনজি চালিত অটোরিকশায় শেরপুর শহরে পৌছে। সেখান থেকে শ্যামলী পরিবহনযোগে ঢাকার উদ্যেশে রওনা হন।
পথিমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সমন্বিত দল যমুন সেতু পশ্চিম গোলচত্ত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাস থেকে আন্ত:জেলা চোরচক্রের ৮ সদস্যকে আটক করে। পরে তাদের কাছ থেকে মোট ৯৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185651