কুমিল্লায় ১৩ মোবাইল ও নগদ ৪৬ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ৫
কুমিল্লায় চোরাই ১৩টি মোবাইল ফোন ও স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা উদ্ধারের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি প্রতিরোধ এবং চোরাই মালামাল উদ্ধারের লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টা ৩৫ মিনিটে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানাধীন কোম্পানীগঞ্জ পাইয়াপাথর এলাকার হাজী ডাক্তার বাড়ির দুলালের দক্ষিণ ভিটির টিনশেড ভাড়া ঘরের একটি কক্ষে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) ও ফাহিমা আক্তার (১৯)।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের হেফাজত থেকে চোরাই ১৩টি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার বিক্রির নগদ ৪৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মুরাদনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185633