কক্সবাজারে কিশোরকে জিম্মি করে টাকা আদায়, গ্রেফতার ২
কক্সবাজারের ঈদগাঁওয়ে এক কিশোরকে জিম্মি করে নগদ টাকা ও বিকাশের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ। এ সময় ছিনতাই করা আলামত ও ঘটনায় ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাতুল মাজদা’র বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ঈদগাঁও থানায় মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী ঈদগাহ শিক্ষা নিকেতনের দশম শ্রেণির শিক্ষার্থী সঞ্জয় কান্তি দাশ (১৭) বাসা থেকে প্রাইভেট পড়তে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এ সময় ঈদগাঁও বাজারের সিঙ্গার প্লাজার সামনে থেকে তাকে ডেকে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে ঈদগাঁও-ঈদগড় সড়কের কবির কোম্পানির কলোনির ভেতরে একটি কক্ষে নিয়ে আটকে রাখা হয়। সেখানে তার প্যান্টের পকেটে থাকা নগদ ৬ হাজার টাকা নিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে তাকে মারধর করে তার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে বিকাশের মাধ্যমে আরও ৮ হাজার ৬৬০ টাকা নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা হলেন-তোফায়েল আহমেদ প্রকাশ টুলুর ছেলে মো. ফয়সাল (২৬) ও ফরিদুল আলমের ছেলে ইব্রাহিম (২৫)। তারা উভয়েই ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ি লামারপাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185620