শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি-২০২৬’, আবেদন শুরু ১ অক্টোবর
বিনোদন ডেস্ক : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসর ‘নতুন কুঁড়ি-২০২৬’-এ অংশগ্রহণের জন্য আগামী ১ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে দেয়া হয়েছে।
এ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে ১৮টি অঞ্চলে ভাগ করে আঞ্চলিক বাছাই এবং ৮ টি বিভাগে ভাগ করে বিভাগীয় বাছাই চলবে।
বিভাগীয় বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগিরা চূড়ান্ত বাছাইয়ে (সেরা দশ) অংশ নেওয়ার পর শুধুমাত্র বিজয়ীরা ফাইনাল প্রতিযোগিতায় লড়াই করবে। চূড়ান্ত বাছাই (সেরা দশ) ও ফাইনাল প্রতিযোগিতা ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
অভিনয়, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দলীয় নৃত্য, ছড়াগান (শুধু ‘ক’ শাখার জন্য), দেশাত্মবোধক গান ,আধুনিক গান, নজরুল সংগীত, নজরুল সংগীত (দলীয়), রবীন্দ্র সংগীত, লোকসংগীত, যন্ত্রসংগীত, হামদ-নাত ও ক্বিরাত- এই ১৮ টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
‘ক’ শাখার প্রতিযোগীদের (ছেলে-মেয়ে) বয়সসীমা ৬ থেকে ১১ এর নিচে হতে হবে এবং ‘খ’ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ক্বিরাত প্রতিযোগিতা একটি মাত্র শাখায় অনুষ্ঠিত হবে যেখানে অংশগ্রহণকারীদের বয়সসীমা ১২ থেকে অনূর্ধ্ব ১৭ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। ক্বিরাত প্রতিযোগিতাটি বিভাগীয় ও ফাইনাল-এই দুই পর্বে অনুষ্ঠিত হবে।
প্রত্যেক আবেদনকারী অনলাইন অথবা অফলাইন যেকোনো একটি পদ্ধতিতে সর্বোচ্চ ০৩টি একক বিষয়ে কিংবা দলীয়সহ সর্বোচ্চ ০৪টি বিষয়ে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবে।
বাংলাদেশ টেলিভিশন ও নতুন কুঁড়ির ওয়েবসাইট- www.btv.gov.bd এবং www.notunkuri.gov.bd তে ভিজিট করে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানা যাবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185603