পুলিশের পাহারায় আল-আকসা প্রাঙ্গণে শত শত ইসরায়েলি
আন্তর্জাতিক ডেস্ক : ইহুদিদের সুক্কোত উৎসবের পঞ্চম দিনে পুলিশের নিরাপত্তায় পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেছে দখলদার শত শত ইসরায়েলি বসতি স্থাপনকারী।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৫০০ জন সেখানে প্রবেশ করে। ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে সাবেক নেসেট সদস্য ও জেহুত পার্টির নেতা মোশে ফেইগলিনকে মসজিদ প্রাঙ্গণের ভেতরে ধর্মীয় আচার পালন করতে দেখা গেছে। সম্প্রতি ইসরায়েলের কয়েকজন আইনপ্রণেতা ও মন্ত্রীও আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছে। তাদের মধ্যে ছিল দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
আল-আকসা মসজিদ মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান এবং একই স্থাপনা ইহুদিদের কাছেও পবিত্র হিসেবে বিবেচিত। মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি রাজনৈতিক নেতা ও বসতি স্থাপনকারীদের প্রবেশকে ঘিরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। সুক্কোত ইহুদি ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। উৎসবকে কেন্দ্র করে আল-আকসা প্রাঙ্গণে সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185587