ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস(৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ২৪ লাখ ৮৫ হাজার টাকা। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে হানিফ ফিলিং স্টেশনের পূর্বপাশে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড, জুলুম সাগর এলাকার বাসিন্দা সুশীল চন্দ্র বিশ্বাসের ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মন্দিরপাড়া এলাকায় বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদি মো. হারুন আর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে রাণীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এসময় বাসের ‘এ-৪’ সিটে বসা ননী গোপাল বিশ্বাসকে তল্লাশি করা হয়। পরে বাসের লকারে থাকা ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটির হাতলের নিচে থাকা বিশেষ চেম্বার থেকে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের মালিকানাধীন ট্রলি ব্যাগে সংরক্ষণ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয় ও বিকেলে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের সাথে অংশ নেন- সহকারী উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম, সহকারী উপ-পরিদর্শক মো. সাজ্জাদ হোসেন এবং সিপাই মো. রনি ইসলাম, মো. আতাউর রহমান, মো. সজিব আহম্মেদ ও মো. জাহাঙ্গীর হাসান ইসা।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185539