বগুড়ার মোকামতলায় অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বগুড়ার মোকামতলায় অপহরণের ৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার মোকামতলা উপজেলায় রাস্তা থেকে এক স্কুলছাত্রীকে অপহরণের ৮ দিন পার হলেও তাকে উদ্ধার বা কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় শিবগঞ্জ থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের এক ব্যক্তির দশম শ্রেণী পড়ুয়া মেয়েকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল পার্শ্ববর্তী জীবনপুর গ্রামের রতন মিয়ার ছেলে শয়ন (২১)। বিষয়টি ওই মেয়ে তার পরিবারকে জানালে, তার বাবা শয়নকে উত্যক্ত করতে নিষেধ করেন এবং পরে শয়নের পরিবারকেও বিষয়টি জানান। এতে শয়ন আরও বেপরোয়া হয়ে ওঠে।

গত ২২ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার জন্য স্থানীয় কড়ীবড়ী রাস্তায় ভ্যান গাড়ির জন্য অপেক্ষা করছিল। এ সময় শয়ন, তার বাবা রতন মিয়া (৪০) এবং চাচা শফিকুল ইসলামসহ (৫০) অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি জোরপূর্বক মেয়েটিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনছার আলী জানান, অপহৃত স্কুলছাত্রীকে কোথায় রাখা হয়েছে, তার সন্ধান পাওয়া গেছে। তাকে উদ্ধারের জন্য দ্রুত অভিযান চালানো হচ্ছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অপহৃতাকে উদ্ধার বা কোনো আসামিকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185511