প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার পেরিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খাওয়ার ঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছেন।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের নুনাছড়া এলাকার ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী গাড়িটি সীতাকুণ্ড পৌরসদরের নুনাছড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের ডিভাইডারের ওপর উঠে যায় এবং পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এই দুর্ঘটনায় আহতরা হলেন— ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে ও চালক সাহাবুদ্দীন এবং নুরুল ইসলামের ছেলে যাত্রী শওকত আজম; তবে তাৎক্ষণিকভাবে যাত্রী শওকত আজমের নির্দিষ্ট কোনো গ্রামের ঠিকানা পাওয়া যায়নি।
 
 
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
 
কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. নুরুল আফসার জানান, দুর্ঘটনায় চালক ও যাত্রীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে থানার এসআই মো. জিয়া উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি নিজেদের হেফাজতে নেন এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ ঘটনায় বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185487