রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান: চাকরিতে অনিয়মের তথ্য পাওয়ার দাবি

রংপুর শিক্ষা অফিসে দুদকের অভিযান: চাকরিতে অনিয়মের তথ্য পাওয়ার দাবি

রংপুর প্রতিনিধি: মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের পরিচালকের কার্যালয়ে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য ও নথিপত্র পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহকারী কর্মকর্তা এ কে এম নুরে আলম সিক্কির নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে সাংবাদিকদের দুদকের সহকারী কর্মকর্তা এ কে এম নুরে আলম সিক্কি জানান, নীলফামারীর সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক হাবিবুর রহমান এবং জলঢাকার মীলগঞ্জহাট ডিগ্রি কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তারের অনিয়মের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগের বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরের সফটওয়্যার যথাযথভাবে কাজ করছে না এবং বিভিন্ন কার্যক্রমের প্রয়োজনীয় হার্ড কপিও পাওয়া যায়নি বলে জানান তিনি।

দুদক কর্মকর্তা বলেন, শিক্ষা অফিসের কার্যক্রম আরও আধুনিক ও হালনাগাদ করা প্রয়োজন।

তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রংপুর অঞ্চলের সাবেক পরিচালক আমীর আলীর বিরুদ্ধে অর্থের বিনিময়ে বিভিন্ন কলেজকে এমপিওভুক্ত করার অভিযোগ ছিল। এসব অভিযোগের ভিত্তিতেও কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

এদিকে, কার্যালয়ের বিভিন্ন অনিয়মের বিষয়ে বর্তমান পরিচালক গোলাম মাজেদের কাছে জানতে চাইলে তিনি এসব অভিযোগের বিষয়ে সুস্পষ্ট কোনো জবাব দিতে পারেননি বলে জানান দুদক কর্মকর্তারা। তবে পরিচালক গোলাম মাজেদ বলেন, তিনি কলেজে কর্মরত থাকার সময় এসব বিষয়ে শুনেছেন। তিনি অভিযোগগুলো ভিত্তিহীন বলেও দাবি করেন।

গোলাম মাজেদ বলেন, “আমার অফিসে কোনো ত্রুটি নেই। এখানে অনিয়ম করার কোনো সুযোগ নেই। আমাদের সফটওয়্যার কাজ করছে। আর হার্ড কপি সংরক্ষণ করার কোনো নিয়ম নেই।”

দুদক সূত্র জানায়, পরিদর্শনে পাওয়া তথ্য ও নথিপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185473