এশিয়ান গেমস: ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকেই নাগোয়ায় গুড়ি গুড়ি বৃষ্টির কারনে ম্যাচটি বাতিল হওয়াটা প্রত্যাশিত ছিল। স্হানীয় সময় দুপুর ১.৩০ মিনিটে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ শুরুর কথা থাকলেও সাড়ে তিন ঘন্টা আাগে আয়োজকদের পক্ষ থেকে তা বাতিলের ঘোষণা আসে।
ফলে বলও মাঠে না গড়ালেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার কারনে মালয়েশিয়াকে টপকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ।
সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আগামী ১ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই দিনে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।
তবে বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে নতুন করে শঙ্কাও তৈরি হয়েছে। কোয়ার্টার ফাইনালের মতো সেমিফাইনালও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় এবং কোনো বল মাঠে গড়ানো সম্ভব না হয়, তাহলে পরিস্থিতি বাংলাদেশের জন্য কঠিন হয়ে উঠবে। কারণ, সে ক্ষেত্রে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধা পাবে পাকিস্তান। ফলে ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে উঠে যাবে পাকিস্তান।
তাই ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামলে বাংলাদেশকে শুধু পাকিস্তানের বিপক্ষেই লড়তে হবে না, নজর রাখতে হবে আবহাওয়ার দিকেও। এশিয়ান গেমসের ক্রিকেটে এখন পর্যন্ত যেভাবে বৃষ্টি ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে, তাতে সেমিফাইনালের আগে সেটিই হয়ে উঠেছে বাংলাদেশের জন্য বাড়তি চিন্তার কারণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185456