লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৭জন। নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী নুর আমিন, গুড়িয়াটারী এলাকার মাছ ব্যবসায়ী ফাতুল মিয়া, ব্যবসায়ী সাইফুল ইসলাম ও ধরলা ব্রিজ এলাকার ওমর আলী।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের গুমটি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ওই মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রীসহ ছেড়ে আসা একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে গুমটি বাজার নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক বুড়িমারী স্থলবন্দরগামী একটি বালুবাহী ট্রাক অটোরিকশাকে চাপা দিয়ে একটি দোকানে ঢুকে যায়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। দুর্ঘটনায় আহত হয় অন্তত ৮জন যাত্রী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আরও ১জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো ১জন মারা যায়।

কথা হলে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ দুর্ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185420