বগুড়ার ধুনটে আগুনে নরসুন্দরের বসতবাড়ি পুড়ে ছাই
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুজন চন্দ্র বাদ্যকর (২৫) নামে এক নরসুন্দরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার পিরহাটী পশ্চিমপাড়া এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। হতদরিদ্র সুজন চন্দ্র বাদ্যকর ওই গ্রামের দুলাল বাদ্যকরের ছেলে। তিনি মথুরাপুর বাজারে নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।
স্থানীয়রা জানান, আগুনের সময় সুজন বাদ্যকর সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। এসময় তার স্ত্রী রান্নার কাজ করছিলেন। হঠাৎ বসতবাড়িতে আগুন জ্বলতে দেখে প্রতিবেশীর চিৎকারে ঘুম ভেঙে সুজনের। তাৎক্ষণিকভাবে সুজন তার সন্তানদের নিয়ে ঘর থেকে বের হতে পারলেও মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরেকটি ঘরে ছড়িয়ে পড়ে। এসময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন।
পাশাপাশি ফায়ার সার্ভিসের ফোন করে জানান। তবে আগুন তীব্রতা এতবেশি ছিলে যে ১৫ মিনিটের মধ্যেই ঘরে থাকা টিভি, ফ্রিজ ধান-চাল, স্বর্ণালংকার ও টাকাসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ধুনট ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে আগুনের ঘটনা জানার পরে বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী তার নিজস্ব তহবিল থেকে ক্ষতিগ্রস্ত সুজন বাদ্যকরকে আর্থিক সহায়তা করেন। তার পক্ষে বিএনপি নেতাকর্মীরা বাড়িতে গিয়ে সুজন বাদ্যকরের হাতে এ অর্থ তুলে দেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185412