চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যা, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

চকরিয়ায় ছাত্রদল নেতাকে তুলে নিয়ে হত্যা, ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৪) নামের এক ছাত্রদল নেতাকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্মমভাবে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় হঠাৎ একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এসে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে আটকে রেখে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এই নিষ্ঠুর নির্যাতনের একপর্যায়ে তাঁর মৃত্যু হলে দুর্বৃত্তরা হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সুস্পষ্ট চিহ্ন রয়েছে।

ঘটনার বিষয়ে চকরিয়া থানার অপারেশন অফিসার মো. ইসমাইল হোসেন জানান, গভীর রাতে মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185381