স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে উপস্থিত হয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-সাক্ষাতে দু’দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্তকরণ, ওষুধ এবং স্বাস্থ্য পেশাজীবীদের দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সেইসঙ্গে সার্জিক্যাল সরঞ্জাম ও ওষুধ পণ্যের বাণিজ্য সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়৷

সাক্ষাতকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানে ভ্যাকসিন ও ক্যান্সারের ওষুধ রপ্তানি আরো বাড়াতে পারে৷ একই সঙ্গে তিনি পাকিস্তানি উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যখাতে বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানান৷

আলোচনাকালে হাইকমিশনার বাংলাদেশ ও পাকিস্তানের স্বাস্থ্য খাতের মধ্যে অঙ্গ প্রতিস্থাপন বিষয়ে সহযোগিতার বিভিন্ন প্রস্তাব সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন।

এসময় তিনি জানান, বাংলাদেশি চিকিৎসকদের লিভার প্রতিস্থাপন বিষয়ে প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানের গাম্বাট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (জিআইএমএস)।

পাশাপাশি বাংলাদেশে পরবর্তী সময়ে লিভার প্রতিস্থাপনের অস্ত্রোপচারে সহায়তা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা প্রদানের প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185368