এবার ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। প্রত্যেক শিক্ষককে সম্মাননা হিসেবে এক লাখ টাকা, ক্রেস্ট এবং সনদ দেওয়া হবে। ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে এ বিষয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার মাঝে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। এ সময় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এ বছর প্রথমবারের মতো সংখ্যাটি বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষকদেরও সম্মাননার জন্য বিবেচনা করা হবে। এছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও শিক্ষক নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর প্রাথমিকে সাধারণ ও মাদ্রাসার ৫টি করে ১০টি; মাধ্যমিকের সাধারণ ১০টি, কারিগরি ও মাদ্রাসার ৫টি করে মোট ২০টি; কলেজ পর্যায়ে সাধারণ ১৫টি, কারিগরি ও মাদ্রাসার ৫টি করে মোট ২৫টি; সাধারণ বিশ্ববিদ্যালয় পর্যায়ে সরকারি ১৫টি ও বেসরকারি ৫টি; চিকিৎসা মহাবিদ্যালয় ৫টি ও চিকিৎসা বিশ্ববিদ্যালয় ৫টিসহ ১০টি; কৃষ্টি বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৩টি করে ৬টি; বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের ৪টি এবং প্রধানমন্ত্রী নির্বাচিত ৪জনসহ মোট ১০০ জনকে এই পদক প্রদান করা হবে।
প্রতিবছর ইউনেস্কো ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, জাতি গঠনে শিক্ষকের ভূমিকা ও অবদান সমাজের সবার কাছে পৌঁছে দেয়া এবং গুণি শিক্ষক সম্মাননা প্রদানের মাধ্যমে সব শিক্ষককে সম্মানিত করার উদ্দেশ্যে এই প্রদক প্রদান করা হচ্ছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185357