প্রতিবাদী ম্যাচে ইসরায়েলকে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

প্রতিবাদী ম্যাচে ইসরায়েলকে উড়িয়ে দিলো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের বিপক্ষে শেষ পর্যন্ত খেললেও প্রতিবাদের অবস্থান থেকে সরে আসেনি আয়ারল্যান্ড। কালো আর্মব্যান্ড পরে, ম্যাচের আগে হাত না মিলিয়ে এবং ইসরায়েলি জাতীয় সংগীতের সময় মাথা নিচু করে দাঁড়িয়ে ম্যাচ খেলেছে তারা। এরপর মাঠের পারফরম্যান্সেও দিয়েছে জোরালো জবাব। ইসরায়েলকে ৩-০ গোলে হারিয়েছে আইরিশরা।

হাঙ্গেরির ডেব্রেসেনে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ২৫ মিনিটেই তিন গোল করে আয়ারল্যান্ড। ১৪ মিনিটে ট্রয় প্যারট গোল করে এগিয়ে দেন দলকে। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ। ২৫ মিনিটে জ্যাক মইলানের গোলে ৩-০ লিড নেয় আয়ারল্যান্ড। এরপর আর কোনো গোল না হলেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখে জয় নিশ্চিত করে তারা। ম্যাচের আগে প্রায় চার ঘণ্টা আলোচনার পর খেলোয়াড়দের ভোটে ‘উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা’ ম্যাচ খেলার পক্ষে যায়। 

তবে ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড জানিয়েছিল, গাজা সংঘাতে নিহতদের স্মরণে খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরবেন এবং ম্যাচের আগে হাত মেলানো ও পতাকা বিনিময়ে অংশ নেবেন না। মাঠেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তারা। নিয়মিত গোলরক্ষক গ্যাভিন বাজুনু অবশ্য প্রতিবাদ হিসেবে ম্যাচ থেকে সরে দাঁড়ান। তিনি নিরীহ মানুষের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে খেলাকে নিজের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছিলেন। তার জায়গায় গোলবার সামলান কাওইমহিন কেলাহার।

ম্যাচটি ঘিরে আয়োজনে ছিল অস্বাভাবিক নীরবতা। আইরিশ ফুটবল ফেডারেশন সমর্থকদের জন্য কোনো অ্যাওয়ে টিকিট বরাদ্দ করেনি, ফলে গ্যালারিতে আইরিশ সমর্থকের উপস্থিতিও ছিল খুবই সীমিত। লিগ ‘বি’-তে তৃতীয় গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। অন্য ম্যাচে কসোভোকে ৩-১ গোলে হারিয়ে এই গ্রুপের শীর্ষে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রিয়া। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে কসোভো। গোল ব্যবধানে তারা আইরিশদের চেয়ে এগিয়ে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185353