বগুড়ার সোনাতলায় ৩৮ বস্তা সার আটক, ভ্যান চালকের ৫ হাজার টাকা জরিমানা
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সোনাতলায় আজ রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় জনতা পাচারের সময় ৩৮ বস্তা রাসায়নিক সার আটক করেছে। পরে আটককৃত সার কৃষকদের মাঝে বিক্রি করে সরকারি কোষাগারে প্রায় অর্ধ লাখ টাকা জমা করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যান চালকের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী মোকামতলা উপজেলার মোকামতলা বন্দর থেকে ৩টি ভ্যানযোগে ৩৮ বস্তা রাসায়নিক সার সোনাতলা বন্দরের ওপর দিয়ে পার্শ্ববর্তী সাঘাটা উপজেলায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে ওই তিনটি ভ্যানগাড়ি আটক করে থানা পুলিশে সংবাদ দেন তারা। পুলিশ এসে আটককৃত সার তাদের হেফাজতে নিয়ে নেয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভ্যান চালক সাঘাটা এলাকার নূরুউদ্দিনের ছেলে আমজাদ হোসেনের ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে উদ্ধারকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়। ওই পরিমাণ সার বিক্রি করে পাওয়া ৪৫ হাজার ৯শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া বলেন, জনতা কর্তৃক আটককৃত সার বিক্রির ৪৫ হাজার ৯শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185319