যাত্রীবাহী বগি রেখে চলে গেল ইঞ্জিন
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট রেল বিভাগের অধীনে চলাচলকারী পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে।
এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো থেমে থাকায় প্রায় দেড় ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে ১শ’ গজ দূরে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়।
ট্রেনচালক বগি বিচ্ছিন্নের বিষয়টি বুঝতে না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় ১ কিলোমিটার দূরে চলে যায়। এসময় রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো থেমে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এনিয়ে কথা হলে তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সাথে পুনরায় যুক্ত হয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণেই এটি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185311