চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলো- সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে এবং নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চ মাধ্যামিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সান(১৮) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মহিপুর কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান(১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা দেড়টায় একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দিয়াড় ধাইনগর ঘাটে গোসলে নামে গ্রামের প্রতিবেশী ও চার বন্ধু। এর মধ্যে দু’জন তীরে উঠতে সক্ষম হলেও ডুবে যায় তাদের সাঁতার না জানা অন্য দুই বন্ধু সান ও সাব্বির। ঘটনা টের পেয়ে স্থানীয়রা দ্রুত তৎপরতা চালিয়ে ওই দু’জনকে নদী থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন ঘটনা নিশ্চিত করে বলেন, নৌ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক জীবন চন্দ্র বলেন, পুলিশ মরেদহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185308