মাদারীপুরে স্কুল প্রাঙ্গণে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে। আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে রোববার স্কুল ছুটির পর পূর্বের ওই ঘটনার জের ধরে মিনহাজের ওপর কয়েকজনের হামলার অভিযোগ ওঠে। এ সময় তার চিৎকার শুনে শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশকে খবর দেওয়া হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে। তবে হামলার অভিযোগ ও ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুল ও কলেজের ভেতরে হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185282