টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় মা ও ছেলে নিহত
গাজীপুরে টঙ্গীতে কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন ও তার ছেলে ইয়াসিন নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াসিনের স্ত্রী আরজিনা গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম।
তিনি জানান, ময়মনসিংহের মুক্তাগাছা থেকে বাসে করে তারা টঙ্গীতে পৌঁছান। এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে আয়েশা খাতুন, তার ছেলে ইয়াসিন ও আরজিনা গুরুতর আহত হন।
তিনি বলেন, পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আয়েশা খাতুন ও ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ ও চালককে আটক করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185275