ফসলের ক্ষেতে পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে প্রাণ গেল যুবকের
জয়পুরহাট প্রতিনিধি: পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত বাঁচাতে পাতা বৈদ্যুতিক তারের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিব হোসেন (২৪) নামে এক টাইলস মিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কড়িয়া (লকমা) এলাকার একটি শসা ক্ষেত থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সাকিব হোসেন ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কড়িয়া এলাকার কৃষক আবু বক্কর তার শসা ক্ষেতে শিয়ালের উপদ্রব বন্ধ করতে চারপাশ দিয়ে অবৈধভাবে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ফাঁদ পেতে রেখেছিলেন। শনিবার রাতে সাকিব অসাবধানতাবশত ওই ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক কৃষক মাঠে কাজ করতে গিয়ে শসা ক্ষেতের মধ্যে বিদ্যুতিক তারে পেঁচানো অবস্থায় সাকিবের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) মোকলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185261