প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে সময় লাগে ৮ বছর, বলছে গবেষণা

লাইফ স্টাইল : ব্রেকআপের পর প্রাক্তনকে ভুলতে কত সময় লাগে?  এক মাস, দুমাস, এক বছর, দুবছর নাকি আরও বেশি? এ প্রশ্নের নির্দিষ্ট উত্তর নেই। তবে এক গবেষণা বলছে, প্রাক্তনের প্রতি মানসিক টান কাটিয়ে উঠতে মানুষের ধারণার চেয়ে অনেক বেশি সময় লাগতে পারে।

যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের গবেষক জিয়া ওয়াই. চং ও আর. ক্রিস ফ্রেলি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি সায়েন্স জার্নালে।  গবেষণায় ৩২০ জন প্রাপ্তবয়স্কের দীর্ঘমেয়াদি সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রাক্তন সঙ্গীর প্রতি মানসিক সংযুক্তি কীভাবে বদলায়, তা বিশ্লেষণ করা হয়।

গবেষণায় অংশ নেওয়া প্রত্যেকের অন্তত দুই বছর স্থায়ী একটি প্রেমের সম্পর্ক ছিল, যা পরে ভেঙে যায়। সাইকোলজি টুডে গবেষণাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল তিরিশের কাছাকাছি। তাঁদের আগের সম্পর্ক গড়ে প্রায় সাড়ে চার বছর স্থায়ী হয়েছিল এবং গবেষণার সময় বিচ্ছেদের পর গড়ে প্রায় পাঁচ বছর পেরিয়ে গিয়েছিল। গবেষকরা প্রাক্তনের প্রতি তাঁদের মানসিক সংযুক্তির সঙ্গে অপরিচিত একজন মানুষের প্রতি সংযুক্তির তুলনাও করেন। 

ফলাফলে দেখা গেছে, প্রাক্তনের প্রতি মানসিক সংযুক্তি অর্ধেক কমতে গড়ে ৪ দশমিক ১৮ বছর সময় লাগে। গবেষকদের পরিসংখ্যানগত মডেল অনুযায়ী, একই হারে সংযুক্তি কমতে থাকলে গড়ে প্রায় ৮ বছরে সেটি পুরোপুরি মিলিয়ে যেতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে একই নয়। কিছু মানুষের ক্ষেত্রে বহু বছর পরও প্রাক্তনের প্রতি মানসিক টান থেকে যেতে পারে। 

তবে এখানে ‘ভুলে যাওয়া’ বলতে প্রাক্তনের কথা আর কখনো মনে না পড়াকে বোঝানো হয়নি। গবেষণাটি মূলত মানসিক সংযুক্তির স্থায়িত্ব নিয়ে। অর্থাৎ প্রাক্তনের কথা মনে পড়লেও সেই মানুষটির প্রতি আগের মতো আবেগ বা নির্ভরতার অনুভূতি নাও থাকতে পারে।

গবেষণায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। প্রাক্তনের সঙ্গে যোগাযোগ চালিয়ে গেলে মানসিক বন্ধন দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। উদ্বিগ্ন ধরনের অ্যাটাচমেন্টের ক্ষেত্রেও প্রাক্তনের প্রতি টান তুলনামূলক বেশি সময় ধরে থাকতে দেখা গেছে। অন্যদিকে, নতুন সম্পর্কে জড়ানো বা ব্যক্তির লিঙ্গ প্রাক্তনের প্রতি মানসিক সংযুক্তি কত দ্রুত কমবে, তাতে উল্লেখযোগ্য প্রভাব ফেলেনি। সন্তান থাকা ব্যক্তিদের ক্ষেত্রে শুরুতে প্রাক্তনের সঙ্গে মানসিক বন্ধন তুলনামূলক বেশি থাকলেও পরে সেটি দ্রুত কমার প্রবণতা দেখা গেছে। 

তাই ব্রেকআপের পর ‘এখনও কেন তাকে মনে পড়ে?’ এমন প্রশ্নের সহজ উত্তর হতে পারে, কারণ সম্পর্কের মানসিক বন্ধন একদিনে শেষ হয় না। গবেষণার ফল বলছে, সময়ের সঙ্গে সেই বন্ধন ধীরে ধীরে দুর্বল হয়। কারও ক্ষেত্রে দ্রুত, কারও ক্ষেত্রে অনেক বছর ধরে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185250