ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ সেপ্টেম্বর ) রবিবার উপাচার্যের কার্যালয়ে উচ্চশিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন, শিক্ষক প্রশিক্ষণ এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT) প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় বিশ্বব্যাংকের এডুকেশন অ্যান্ড স্কিলস গ্লোবাল প্র্যাকটিসের প্র্যাকটিস ম্যানেজার শেরেজাদ মোনামি লতিফ, সিনিয়র এডুকেশন স্পেশালিস্ট টি এম আসাদুজ্জামান ও আবদুল হাই সোফিজাদা এবং পরামর্শক ড. মাহমুদ-উল-হক ও এস এম হাফিজ আল মামুন, HEAT প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, সিনিয়র এমঅ্যান্ডই অফিসার মো. মকলেছুর রহমান, উপপরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আ জ ম হাছান কবির, প্রোগ্রাম অফিসার পারভীন আক্তার, ইউটিটিএ-এর ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ এবং ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে HEAT প্রকল্পের আওতায় বিভিন্ন উপ-প্রকল্পের প্রস্তাব, বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ কার্যক্রম পর্যালোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও গবেষকদের প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং একটি প্রশিক্ষণকেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
এছাড়া গবেষণা ও উদ্ভাবনকে কার্যকরভাবে কাজে লাগানো, প্রযুক্তি হস্তান্তর এবং গবেষণালব্ধ জ্ঞানকে শিল্প ও সমাজের প্রয়োজনে ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম তুলে ধরেন এবং উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও গবেষণা সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
উল্লেখ্য, HEAT প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের Mid-Term Review Mission -এর কার্যক্রম ২৪ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে প্রতিনিধি দলটি ঢাকা বিশ্ববিদ্যালয় সফর করে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185249