ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না : বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগের পতনের পর এতো সাহস! ভারত থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পতন ঘটানোর কথা বলা হচ্ছে। এসব হুংকার দিয়ে কোনো কাজ হবে না।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপি ও জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দেশব্যাপী ‘ষড়যন্ত্র ও নৈরাজ্যের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, আমরা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। এসব হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।
জামায়াতে ইসলামীর আমিরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, জামায়াতের আমির সিরাজগঞ্জে এক আঙুল দেখিয়েছিলেন। কিন্তু তাতে লাভ নেই। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে টুকু বলেন, আমরা জানি, আপনাদের পুলিশ ধরছে না। আপনারা বাড়িতে থাকেন। কিন্তু চ্যালেঞ্জ দিয়ে চলবেন, এটা মানা হবে না। আইনের মাধ্যমে আপনাদের যে শাস্তি হওয়ার, তা হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185205