চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মারা যান।
বিজিবি জানায়, মিল্টন শেখ(৫০) নামে হাবিলদার পদমর্যাদার ওই সৈনিক চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) জোহরপুর বিওপিতে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া গ্রামের হান্নান শেখের ছেলে। নিজ পরিবারে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পদ্মা নদীর চরাঞ্চলের সীমান্তে দায়িত্ব পালনকালে মিল্টন শেখ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে নিজস্ব স্পিডবোটযোগে নদীর ঘাটে আনা হয়।
সেখান থেকে নিজস্ব এ্যাম্বুলেন্সযোগে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেলে ব্যাটালিয়ন সদরে তার জানাজা সম্পন্ন হয়। বিজিবি নিজস্ব ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে দাফনের জন্য পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করেছে বলেও জানান অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185177