গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম পুলিশ নিয়োগে স্বচ্ছতার দাবি চাকরি প্রত্যাশীদের

গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম পুলিশ নিয়োগে স্বচ্ছতার দাবি চাকরি প্রত্যাশীদের

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে গ্রাম পুলিশ (মহল্লাদার) নিয়োগকে কেন্দ্র করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত কোটা, সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার শর্ত ও বিশেষ অগ্রাধিকার যথাযথভাবে অনুসরণ করা হবে কি না, এ নিয়ে চাকরি প্রত্যাশীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও শূন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের আবেদন করার শর্ত দেওয়া হয়েছে। একই সাথে মৃত বা অবসরপ্রাপ্ত মহল্লাদারের ছেলে-মেয়ে, নারী ও প্রত্যক্ষ পোষ্যদের অগ্রাধিকার এবং সরকার নির্ধারিত সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণের কথা উল্লেখ রয়েছে।

চাকরিপ্রত্যাশীদের দাবি, নিয়োগের চূড়ান্ত বাছাইয়েও বিজ্ঞপ্তির এসব শর্ত কঠোরভাবে অনুসরণ করতে হবে। কোন ইউনিয়নের কোন ওয়ার্ডে কতটি পদ শূন্য, কোন ওয়ার্ডের প্রার্থী বিবেচিত হচ্ছেন এবং কোটা ও অগ্রাধিকার কীভাবে প্রয়োগ করা হচ্ছে, এসব তথ্য স্বচ্ছভাবে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

তাদের আরও দাবি, নিয়োগ কমিটি যেন সরকারি বিধিমালা ও বিজ্ঞপ্তির শর্ত মেনে বাছাই সম্পন্ন করে এবং কোনো ধরণের প্রভাব যাতে নিয়োগ প্রক্রিয়ায় না পড়ে, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা হয়।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185166