ভাঙ্গায় চকের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

ভাঙ্গায় চকের পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

​ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় চকের পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

​আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা শামীমের মেয়ে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বর্ষার পানিতে এলাকার চক (নিচু জমি) তলিয়ে গেছে।

দুপুরে সুমাইয়া ও তার এক সঙ্গী বাড়ির সামনে একটি ডোঙ্গা (তালগাছের তৈরি নৌকা) নিয়ে চকের পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত সুমাইয়া ডোঙ্গা থেকে গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।
তার সঙ্গে থাকা শিশুটি দ্রুত বাড়ি ফিরে বিষয়টি জানালে স্বজন ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে নামেন। অনেক খোঁজাখুঁজির পর পানির নিচ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
​পরে স্বজনরা দ্রুত তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এইচএমএ রকিবুল আবেদীন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185116