ছাদ থেকে ছোড়া বল্লম গলায় বিঁধে বৃদ্ধ নিহত
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের মধ্যে বল্লমের আঘাতে হালিম সর্দার (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিম ওই এলাকার মৃত কলম সর্দারের ছেলে।
এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামে একজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার ও বকুল এবং ইউসুফ মেম্বার ও মেহেদী সমর্থকদের মধ্যে কয়েকদিন ধরে দফায় দফায় হামলা ও সংঘর্ষ চলছিল।
নিহতের পরিবারের দাবি, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে চাপাইগাছি বিলের দিকে যাচ্ছিলেন হালিম। এ সময় মান্নান মেম্বারের এক সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে তার দিকে বল্লম ছুড়ে মারেন। বল্লমটি হালিমের গলায় ঢুকে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185114