সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্ট-গুপ্তরা অপতৎপরতা চালাচ্ছে : যুবদল সভাপতি
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট বাহিনীর দোসর ও গুপ্তরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে নানা অপতৎপরতা চালাচ্ছে। এ সকল অপশক্তির বিরুদ্ধে সিলেটের রাজপথে অতীতের ন্যায় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।
শুক্রবার বিকেলেসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, জুলাই-আগস্টের আন্দোলন ও ১৭ বছর খুন-গুমের দায়ে হাসিনাকে বিচারের মুখোমুখি ও ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তিনি বলেন, একাত্তর ও চব্বিশের পরাজিত শত্রুরা বাংলাদেশের ভালো চায় না। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে তারেক রহমানের সরকারের হাতকে শক্তিশালী করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সমাবেশ শেষে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার নেতৃত্বে সিলেট জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিশাল বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185085