জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশ
জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার তার ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা সভাকক্ষ ত্যাগ করে ওয়াকআউট করেছেন। এই প্রতিবাদের কারণে সাধারণ পরিষদ কক্ষের বড় একটি অংশ ফাঁকা হয়ে পড়ে।
জাতিসংঘের সদর দপ্তর থেকে পাওয়া প্রতিবেদন ও ফুটেজে দেখা যায়, নেতানিয়াহুর ভাষণের সময় যেসব প্রতিনিধিদল কক্ষ ত্যাগ করেছিল অথবা যাদের আসন খালি পড়ে ছিল, তাদের মধ্যে রয়েছে সৌদি আরব, সুদান, তিউনিসিয়া, উজবেকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আলজেরিয়া, ইরান, মালয়েশিয়া, মন্টিনিগ্রো এবং কিরগিজস্থান। এ ছাড়া জর্ডান, লিবিয়া, মার্শাল আইল্যান্ডস এবং মরিশাসের প্রতিনিধিদলের আসনও খালি দেখা যায়, যদিও এদের মধ্যে কিছু প্রতিনিধিদল তাদের একজন করে প্রতিনিধি কক্ষে রেখে গিয়েছিল।
আনাদোলুর এক পর্যালোচনায় বলা হয়েছে, নেতানিয়াহু পোডিয়ামের দিকে অগ্রসর হওয়ার সময় প্রায় ৭০টি দেশের প্রতিনিধিরা হয় ওয়াকআউট করেছেন, না হয় তাদের আসন ফাঁকা রেখে গেছেন। আনাদোলুর তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে তুরস্ক, ফিলিস্তিন, তিউনিসিয়া, সিরিয়া, আলজেরিয়া, ইয়েমেন, মিশর, ইরাক, সৌদি আরব, জর্ডান, ইরান, কাতার, লেবানন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কুয়েত, স্পেন, ব্রাজিল, পেরু, কিউবা, নাইজেরিয়া, ঘানা, লিবিয়া, আফগানিস্তান, ওমান, নাইজার, মাদাগাস্কার, বতসোয়ানা, দ্য বাহামাস, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা এবং ক্যাবো ভার্দে।
তবে কক্ষ ত্যাগ করা প্রতিটি দেশের সুনির্দিষ্ট কোনো তালিকা পাওয়া যায়নি। খালি পড়ে থাকা আসনগুলোর ছবির ওপর ভিত্তি করেই কিছু বিবরণ তৈরি করা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185082