পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘সাইবার পুলিশ ইউনিট’

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘সাইবার পুলিশ ইউনিট’

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে এ ইউনিট একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে পরিচালিত হবে।

প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করেই ইউনিটটির কার্যক্রম শুরু করার নীতিগত অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে এর পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হবে।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদনের কথা উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিকস এখনো চূড়ান্ত হয়নি।

এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ ইউনিটটির পূর্ণাঙ্গ প্রস্তাব তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এ ইউনিট চালু হলে সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য পৃথক ও বিশেষায়িত কাঠামো তৈরি হবে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185042