বগুড়ার ধুনটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নাশকতার পৃথক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে তাদের ধুনট থানা থেকে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে গতকাল বৃহস্পতিবার রাতে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন ডলার (৪৩), পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক চপল মাহমুদ (৩৮), ভান্ডারবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক সুজন (৪০) এবং মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (২৫)।

মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভুবনগাঁতী তিনমাথা এলাকায় মশাল মিছিল থেকে  ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় ছাত্রদল নেতা রাজু আহম্মেদ বাদি হয়ে ১০ ডিসেম্বর থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে ডলারকে গ্রেফতার করা হয়।

২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধুনট শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৯ ফেব্রুয়ারি পৌর যুবদল নেতা রিপন সেখ বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি চপলকে গ্রেফতার করা হয়।

২০২৩ সালের ৭ জুন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ও হামলা চালিয়ে পশ্চিম ভারশাহী বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদি হয়ে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি ফজলুল হক সুজনকে গ্রেফতার করা হয়।

২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গাড়িবহরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা করেন।

ওই মামলায় আরিফুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185038