জয়পুরহাটের আক্কেলপুরে ক্যানেল থেকে নারীর মরদেহ উদ্ধার
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আবাদপুর ক্যানেলের পানিতে ভাসমান অবস্থায় বেলী বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলী বেগম গোপীনাথপুর ইউনিয়নের আবাদপুর গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান গতকাল বৃহস্পতিবার দিনের কোন এক সময়ে ওই নারী ক্যানেলের পাশে সেন্ডেল ও কাপড় রেখে গোসলে নামেন। কিন্তু সেখান থেকে আর ওঠেননি। নিখোঁজের পর অনেক খোঁজাখুজির করেও তাকে পাওয়া যায়নি। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশী বিপ্লব হোসেন মাছ ধরতে গিয়ে ক্যানেলের পাশে জুতা ও কাপড়সহ বেলী বেগমের মরদেহ পানিতে ভাসতে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে খবর দেন।
বেলী বেগমের স্বামী বাচ্চু সরদার জানান, আমি বাড়িতে ছিলাম না। আমার স্ত্রী ছেলের বাড়িতে ছিল। সেখান থেকে বাড়িতে এসে গোসলে নেমে নিখোঁজ হয়। সে শারিরীক ভাবে কিছুটা অসুস্থ ছিল। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185036