বাসে জোরে গান শুনলেই ৪০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক ডেস্ক: গণপরিবহনে জোরে গান বা মোবাইল ফোনের ভিডিও চালানো, সিটের ওপর পা তুলে বসা, খাওয়া-দাওয়া কিংবা ময়লা ফেলার মতো আচরণের বিরুদ্ধে কঠোর হচ্ছে সিঙ্গাপুর। এসব অপরাধে যাত্রীদের সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা করা হবে। গুরুতর কিছু অপরাধে জরিমানার পরিমাণ বেড়ে হতে পারে ৫ হাজার সিঙ্গাপুর ডলার।
নতুন এই ব্যবস্থা বাসে যাত্রীদের ‘বিরক্তিকর’ বা শৃঙ্খলাভঙ্গকারী আচরণ নিয়ন্ত্রণের অংশ হিসেবে নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (এলটিএ) জানিয়েছে, গণপরিবহন সবার জন্য একটি অভিন্ন জায়গা। তাই যাত্রীদেরও অন্যদের কথা বিবেচনা করে চলতে হবে।
এলটিএর হিসাবে, বাসে সিটের ওপর পা রাখা, উচ্চ শব্দে অডিও বা গান বাজানো, খাওয়া-দাওয়া ও ময়লা ফেলা- এসবের জন্য সর্বোচ্চ ৫০০ সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা।
তবে কোনো যাত্রীর আচরণে অন্যদের চলাচলে বাধা সৃষ্টি হলে বা নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে জরিমানার পরিমাণ আরও বাড়বে। বাস, বাস ইন্টারচেঞ্জ বা টার্মিনালের কোনো অংশ নোংরা বা ময়লা করে ফেললেও গুরুতর অপরাধ হিসেবে সর্বোচ্চ ৫ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা করা হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩ লাখ ৭৪ হাজার টাকা।
কারা জরিমানা করতে পারবেন?
নতুন নিয়ম বাস্তবায়নের দায়িত্ব থাকবে অনুমোদিত বাসকর্মীদের ওপর। এর মধ্যে টিকিট পরিদর্শক ও বাস ইন্টারচেঞ্জের কর্মীরাও থাকবেন।
কোনো যাত্রী অপরাধ করেছেন বলে সন্দেহ হলে এসব কর্মকর্তা তাকে আনুষ্ঠানিক নোটিশ দিতে পারবেন।
এলটিএ বলেছে, গণপরিবহন একটি অভিন্ন জায়গা। সুন্দর ও আনন্দদায়ক যাতায়াতের পরিবেশ নিশ্চিত করতে প্রত্যেক যাত্রীরই ভূমিকা রয়েছে।
সংস্থাটির ভাষ্য, নতুন বিধিগুলো গণপরিবহনে সবার জন্য আরও নিরাপদ, বিবেচনাপূর্ণ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে সহায়তা করবে।
বাসে নতুন করে এই জরিমানার ব্যবস্থা চালু হলেও সিঙ্গাপুরের রেল বা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ব্যবস্থায় এ ধরনের বিধিনিষেধ আগে থেকেই রয়েছে।
উদাহরণ হিসেবে, এমআরটিতে যাত্রীদের খাবার খাওয়ার ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা রয়েছে। তবে বাসে এতদিন এসব বিষয় সাধারণত পরিবহন কোম্পানির নিজস্ব নীতিমালার আওতায় পরিচালিত হতো। কোনো যাত্রী নিয়ম ভাঙলে বাসচালক তাকে বাস থেকে নেমে যেতে বলতে পারতেন।
নতুন ব্যবস্থার ফলে বাসেও এসব আচরণের বিরুদ্ধে আনুষ্ঠানিক জরিমানা আরোপের সুযোগ তৈরি হলো।
অন্য দেশেও গণপরিবহনে কড়াকড়ি
গণপরিবহনকে শান্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে শুধু সিঙ্গাপুরই এমন পদক্ষেপ নিচ্ছে না।
চলতি বছরের শুরুতে পোল্যান্ডের ক্রাকোভ শহরেও একই ধরনের নিয়ম চালু করা হয়েছে। সেখানে গণপরিবহনে নির্দিষ্ট কিছু বিরক্তিকর আচরণের জন্য যাত্রীদের সর্বোচ্চ ২০০ জ্লোটি জরিমানা করা হতে পারে।
এ ছাড়া ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফ্রান্সে এক ব্যক্তিকে প্রায় ২০০ ডলার জরিমানা করা হয়েছিল। রেলস্টেশনে স্পিকারে জোরে ফোনে কথা বলছিলেন তিনি। শব্দ কমানোর অনুরোধ প্রত্যাখ্যান করার পর তার বিরুদ্ধে জরিমানা করা হয়।
সিঙ্গাপুরের নতুন নিয়মের মাধ্যমে মূলত বাসযাত্রায় ব্যক্তিগত আচরণ ও অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্যের মধ্যে সীমারেখা আরও স্পষ্ট করা হলো।
সূত্র: বিবিসি
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/185015