সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ বন্দর ইয়ানবু রক্ষায় সৌদি আরবকে সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। বন্দরটিতে ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প পথ সুরক্ষায় সেনাসদস্য, রাডার ও প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে দেশটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে টেলিভিশনে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ এ কথা জানান।
হরমুজ প্রণালি বন্ধ থাকায় সৌদি আরবের তেল রপ্তানির প্রধান বিকল্প পথ হয়ে উঠেছে লোহিত সাগর। এ কারণে দেশটি ইয়ানবু বন্দর ব্যবহার করে তেল রপ্তানি করছিল। সম্প্রতি বন্দরটি হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়লে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে।
সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার সম্ভাবনা নিয়েও কথা বলেন মাক্রোঁ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা দেওয়ার কথা বিবেচনা করছে বলে প্রকাশিত খবর সত্য হলে বিশ্ব ও মার্কিন অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে। তবে হোয়াইট হাউস এ ধরনের নিষেধাজ্ঞার কথা অস্বীকার করেছে।
ফ্রান্সে জ্বালানি পণ্যের দাম বাড়ার প্রেক্ষাপটে নাগরিকদের আশ্বস্ত করে মাক্রোঁ বলেন, আগামী শীতের জন্য দেশটিতে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এদিকে ইয়ানবু বন্দর ঘিরে নিরাপত্তা উদ্বেগের পাশাপাশি জ্বালানি সরবরাহ পরিস্থিতিও মাক্রোঁর বক্তব্যে গুরুত্ব পেয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184999