জামিন পেলেন শজিমেকের ঘটনায় বন্দি ৪ শিক্ষার্থী
শহর প্রতিনিধি : বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারামারির ঘটনায় গ্রেফতার হয়ে কারাবন্দি থাকা চার কলেজ শিক্ষার্থী জামিন পেয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরের পর পূর্ব নির্ধারিত শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর করেছেন বগুড়া জেলা শিশু আদালতের বিচারক।
আজ বৃহস্পতিবার ওই মামলায় সংশোধনাগারে থাকা কলেজ শিক্ষার্থী বোরহান ও রিশাদের আইনজীবি মোঃ জহুরুল হক জাফর জানিয়েছেন, শজিমেকের ঘটনায় যশোর সংশোধনাগারে থাকা চার কলেজ শিক্ষার্থীরই জামিন হয়েছে। তাদের জামিনের ই-বেল বন্ড সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।
এদিকে, শজিমেকের ঘটনায় সংশোধনাগারে বন্দী থাকা কলেজ শিক্ষার্থী বোরহান উদ্দীনের বাবা প্রকৌশলী মোঃ রুহুল আমিন বিক্ষুব্ধ হয়ে জানান, আমার ছেলেসহ অপর কলেজ শিক্ষার্থীরা জামিন পেলেও তাদের জীবনে এই ঘটনাটি একটি মানসিক পীড়া হয়ে থাকবে। এছাড়াও, মামলাটি প্রত্যাহারসহ বাম পা হারানো ইরামের সু-চিকিৎসা, পুর্নবাসন ও সকলের আর্থিক ক্ষতিপূরণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর,বুধবার রাত ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন ইরাম। তার বন্ধুরা তাকে দ্রুত শজিমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান এবং ট্রলি নিয়ে আসতে গেলে ট্রলি ম্যান টাকা দাবি করে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় এক পর্যায়ে ঘটনাস্থলে আনসার সদস্যদের সাথে বাকবিতন্ডা ও সংঘর্ষের সূত্রপাত হয়।
আনসার সদস্য আহতের ঘটনায় জড়িত সন্দেহে ইরামের বন্ধু চার কলেজ শিক্ষার্থীকে আটক করেছিলো পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, আটক চারজন ছিলেন, বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের মেধাবী শিক্ষার্থী। এই মেধাবী শিক্ষার্থীরা ওই ঘটনায় আনসার কর্তৃপক্ষের দায়ের করা মামলায় আদালতের নির্দেশে তাদের যশোর সংশোধনাগারে পাঠানো হয় এবং ইরামের বাম পায়ে আঘাতপ্রাপ্ত অংশে পচন ধরায় চিকিৎসকদের পরামর্শে গত সোমবার ২ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ স্পেলাইজড হাসপাতালে অস্ত্রপাচারের মাধ্যমে বাম পা কেটে ফেলতে হয়েছে। এই ঘটনায় গত দুই দিন যাবত বগুড়া সাতমাথায় মানববন্ধন, জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও প্রদান করেন ইরামের বন্ধু,সহপাঠী ও স্বজনরা।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184968