এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫২ কর্মকর্তা, তালিকা প্রকাশ
বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে ন্যস্ত করা কর্মকর্তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। বর্তমানে এসব কর্মকর্তা দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয় ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী ন্যস্ত করা ৫২ কর্মকর্তার মধ্যে- শেরপুর, পটুয়াখালী, নেত্রকোণা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, যশোর, ময়মনসিংহ, নওগাঁ, বরিশাল, রাজশাহী, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, বান্দরবান, নাটোর, ঢাকা, কিশোরগঞ্জ, সিলেট, ফরিদপুর, চাঁপাইনবাবগঞ্জ, নড়াইল, বগুড়া, পাবনা, জয়পুরহাট ও মৌলভীবাজারসহ বিভিন্ন জেলার কার্যালয়ে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর এসব কর্মকর্তাকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, ঢাকায় মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করতে হবে। প্রশিক্ষণ সম্পন্ন হওয়ার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হবে।
সরকারের এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184967