রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম ছেলে আটক

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম ছেলে আটক

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আমিনুল ইসলাম(৩২) নামে এক যুবকের বিরুদ্ধে। এ সময় স্ত্রীকে রক্ষা করতে গেলে তার বাবা মুজিব সরদারকেও কুপিয়ে জখম করে আমিনুল। গত বুধবার দিবাগত রাত ১টায় উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম জান্নাতুন বেগম(৫৫)। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আমিনুল ইসলাম দীর্ঘদিন  মাদকাসক্ত। মাদকের অর্থ ও সেবনকে কেন্দ্র করে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চড়াও হতো এবং পারিবারিক বিরোধের সৃষ্টি করতো। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাত ১টায় আমিনুল হাসুয়া নিয়ে তার মা জান্নাতুনকে কুপিয়ে গুরুতর জখম করে।

এতে ঘটনাস্থলেই জান্নাতুনের মৃত্যু হয়। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে আমিনুল তার বাবা মুজিব সরদারকেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184959