বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ৭

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ২ ব্যক্তি নিহত এবং অন্তত: ৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নয়মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাস চালক ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের হাসেম আলীর ছেলে জুবাইদুল ইসলাম (৩০)।

শেরপুর হাইওয়ে পুলিশ জানায়, প্রবাস ফেরত এক ব্যক্তি তার ৭ স্বজনকে নিয়ে মাইক্রোবাস যোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে ফিরছিলেন। ভোর সোয়া ৪টার দিকে নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বিপরীতমুখী লেনে ঢুকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী ট্রাকের সাথে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

সংঘর্ষে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবাইদুল ইসলাম নিহত হন। আহত ৭ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর হাইওয়ে থানা পুলিশের ওসি আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184957