এমপি গাজী নজরুলের আরও ৭ দিনের রিমান্ড চায় ডিবি

এমপি গাজী নজরুলের আরও ৭ দিনের রিমান্ড চায় ডিবি

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার এ মামলায় চার দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আবারও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় ডিসিস্ট খুবই আবেগি ছিল। অভিমান করে আত্মহত্যা করে এবং পারিবারিকভাবে বিভিন্ন প্রকার ঝামেলার দরুণ এই ঘটনা ঘটিয়েছে বলে তদন্তকালে জানা যায়। মামলাটি একটি চাঞ্চল্যকর মামলা এবং মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন। মামলাটির সৃষ্ট তদন্ত ও ন্যায় বিচারের জন্য মামলার মূল রহস্য উদঘাটনের জন্য আসামিকে পুনরায় ০৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।

প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ইসলাম ইসলাম এ তথ্য নিশ্চিত করেন জানান, রিমান্ড শুনানি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেনের আদালতে হবে।

এর আগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫নং ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মৃত মরিয়ম খাতুনের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেন। মামলায় এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং শ্যালক ওবায়দুর রহমান-এই তিন জনকে আসামি করা হয়।

এই মামলায় গ্রেফতারের পর গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের চার দিন ও তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের একদিন রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে গত ২২ সেপ্টেম্বর মাকসুদাকে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলায় গ্রেফতারের পর ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184933