আজও ক্লাস-পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচিতে চুয়েটে’র শিক্ষার্থীরা
মফস্বল ডেস্ক : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন এবং অধ্যাপক ড. সায়েমকে অব্যাহতি দেওয়ার প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে অংশ নেন।
এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘ভিসি কে, ভিসি কে, সায়েম স্যার ছাড়া আবার কে?’, ‘গর্জে উঠুক রাজপথ, সায়েম স্যারের প্রত্যাবর্তন হোক’ এবং ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এ ধরনের স্লোগান দেন। মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে একটি খোলা চিঠিও পাঠ করেন। এদিকে বুধবার থেকে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচিও বৃহস্পতিবার অব্যাহত রয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসে মশাল মিছিল অনুষ্ঠিত হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184902