চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির, শি জিনপিংকে চিঠি
চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। চিঠিতে চীনের জাতীয় দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে লেখা চিঠিটি তুলে দেন।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভবিষ্যতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/184882